পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে শাসক তৃণমুলের ঘর ভাঙ্গল ফরোয়ার্ড ব্লক। সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার বালিগোরায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফরোয়ার্ড ব্লকের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃণমুল কংগ্রেস ছেড়ে প্রায় ৩০ টি পরিবার ফরোয়ার্ড ব্লকে যোগদান করে বলে খবর। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর। এদিনের সভা শেষে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলী ইমরান রমজ বলেন, এদিন তাদের সভায় এলাকার ৩০ টি পরিবার তৃণমূল ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগদান করে বলে তিনি দাবী করেন।
অপরদিকে, তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ সেতাবুদ্দীন ওরফে মুন্না বলেন চাকুলিয়ার বিধায়কের পায়ের তলার মাটি সরে যাওয়ার ফলে গোয়ালপোখরের মত ঘৃন্য রাজনীতি চাকুলিয়ায় চালু করতে চাইছেন। চাকুলিয়ার মানুষ ওর ফাঁদে পা দেবেন না। তৃণমুলের কোন কর্মী বা সমর্থক ফরোয়ার্ড ব্লকে যোগ দেয়নি। সাধারন মানুষদের মধ্যে অন্যরকম বার্তা পৌছাতে নিজেদের লোকদের যোগদান করানো হচ্ছে বলে দাবী করেন তিনি। ওর চক্রান্তের যোগ্য জবাব পঞ্চায়েতের ভোট বাক্সে জনগন দেবেন বলে দাবী করেন তৃণমূলের ব্লক সভাপতি।